বাংলার বাগান থেকে
শত ফুল ঝরে গেল!
আর কতো ফুল ঝরলে তবে
শোকাতুর হবে রাষ্ট্র?
কতো ফুল ঝরে গেলে
সংসদে উঠবে শোক প্রস্তাব?
অশ্রুসিক্ত হবেন প্রধানমন্ত্রী?
আর কতো ফুল ঝরে গেলে
এই স্তব্ধ মানচিত্রে নেমে আসবে
কৃষ্ণচূড়ার বিরহ?
এইসব ঝরে যাওয়া ফুলের সূর্যাস্তে
বাম ডান রাজনীতি
শব ব্যবচ্ছেদের টেবিলের মতো
এতো শান্ত ও নীরব কেন?
কতো ফুল ঝরলে তবে
তথাকথিত এলিটদের
অমল ধবল নিবিড় পরিচর্যা কেন্দ্রের
শীতল দরজা খুলবে?
কবে গর্জে উঠবে শাহবাগ?
প্রাচ্যের অক্সফোর্ড, শিক্ষক
উদাসীন সুশীল সমাজ?
মানুষ তোমার নিরবতা ভাঙবে কবে?
মানুষ তোমার ভাবনার ধূসর আকাশে
কেনো জমে না দুশ্চিন্তার মেঘ!
এই দেশ কি তবে বধির হয়ে গেছে?
৫২ থেকে ২৪ এতো এতো
রক্ত ঢেলে যুদ্ধ হলো
শুদ্ধ হয়ে ফুল ফোটানোর তরে
তবে কেন উপেক্ষিত ফুলেরা?
ফুলের কি তবে মূল্য নেই এখানে!
ফুলেরা কি ঝরে যাবে অনাদরে?
মানুষ তোমার নিরবতা ভাঙো।
মানুষ তোমার নিরবতায়
সময় নামের আঁচের উত্তাপে
অদৃশ্য অনুতাপের হাওয়া
এসে লাগে মনের বারান্দায়!
চোখের সামনে ঝরা ফুলেরা
পড়ে আছে স্মৃতির শব হয়ে
বুকের ভেতর নিয়ত বেজে উঠছে
মন খারাপের বাঁশি।
কেঁদে ওঠে আমার রিক্তা কবিতা…
মৃত্যুর ক্রুশ এসে যেনো
আড়ালে বিদ্ধ করে নিয়ত…
আর কতো ফুল ঝরে গেলে তবে রাষ্ট্র
শোকের পতাকা অর্ধনমিত রাখবে?


