এক কোটি বার তোমাকে ভালোবাসি বলব,
তবুও যেন ভালোবাসা ফুরাবে না;
তোমার ঠোঁটের কোণে একটুখানি হাসি,
দেখার নেশা কোনোদিন ঘুচবে না।
কখনো তোমার চোখে চোখ রেখে হারাব,
কখনো চুলে আঙুল ছুঁইয়ে দেব;
কখনো অভিমানে মুখ ফিরিয়ে নিলে,
হাজার আদরে কাছে টেনে নেব।
তোমার বুকে মাথা রেখে শুনব হৃদস্পন্দন,
ভুলে যাব পৃথিবীর সব কোলাহল;
একটু কাছে এলে বাড়বে যে শিহরণ,
সেই অনুভূতিই হোক প্রেমের সম্বল।
তোমাকে চাই ভোরের প্রথম চুম্বনে,
চাই গভীর রাতের নিঃশব্দ আলিঙ্গনে;
চাই প্রতিটি ক্ষণে, প্রতিটি আয়োজনে,
তুমি মিশে থাকো আমার প্রতিটি স্পন্দনে।
এক কোটি বার বলব, ভালোবাসি তোমায়,
তবুও প্রেমের তৃষ্ণা মিটবে না হায়।
তোমাকেই চাইব আমি প্রতিটি জন্মের ঘোরে।
এক কোটি ভালোবাসা
তোমার ভেতরেই আমার বসন্ত
তোমাকে ভাবলেই কেন সন্ধ্যা সুন্দর হয়ে যায়,
কেন অকারণেই ঠোঁটের কোণে হাসি জমে যায়!
কেন তোমার কণ্ঠ শুনলে থেমে থাকে মন,
কেন তোমার নামেই জেগে ওঠে গোপন স্পন্দন
তুমি কি জানো, তোমার একটুখানি মায়ায়,
আমার সমস্ত অভিমান কোথায় যেন হারায়।
তোমার কথার ভাঁজে খুঁজে পাই আশ্রয়,
তোমার নীরবতাও আমার কাছে এক বিস্ময়।
ইচ্ছে করে, এক বিকেল তোমার পাশে বসে,
হারিয়ে যাই দুজন কোনো অচেনা আবেশে।
তোমার আঙুলে আঙুল রেখে বলি নিঃশব্দে,
এই জীবনটা কাটুক তোমারই ভালোবাসার ছন্দে।
তুমি আমার প্রতিটি অনুভবের গভীরতম ভাষা,
তোমাকে ঘিরেই বেঁচে থাকে হৃদয়ের সব ভালোবাসা।
যদি প্রেমের কোনো শেষ ঠিকানা থেকে থাকে,
আমি তার নাম লিখব তোমার হৃদয়ের বাঁকে।
তোমাকে ভালোবাসি, এ শুধু মুখের উচ্চারণ নয়,
তুমি আমার প্রতিদিনের নতুন করে প্রেমে পড়ার বিস্ময়।
যৌথ জীবন
আমাদের যৌথ কোন আলোচনা নেই,
নেই কোন রাস্তা
পাশাপাশি হাঁটার ইচ্ছে হলেও
কোন দিন হাঁটা হয় না।
আমাদের যৌথ কোন গল্পও নেই
কোন দিন হারিয়ে গেলে গল্পের
আঙ্গুল ধরে ধরে ফিরে আসবো।
আমাদের যৌথ কোন ঝগড়াও নাই,
যেখানে মানঅভিমান জমা হবে।
আমাদের যৌথ কোন স্বপ্নও নেই
যে স্বপ্ন রাতটা জাগিয়ে রাখবে।
এমনি এমনি সমান্তরালে চলে যাচ্ছে শীত গ্রীষ্ম আর বসন্ত কাল।
আমাদের যৌথ কোন গাছও নেই যেখানে পাতার ফাঁকফোকড়ে টুনটুনির সংসার হবে
আমাদের যৌথ কোন বারান্দাও নেই যেখানে
দাড়িয়ে জোছনা রাতে লক্ষ্মীপেঁচার ডাক শুনব
আমাদের যৌথ কোন দুঃখও নেই
যা নিয়ে কিছু সময় আমরা পাশাপাশি বসে থাকব।
আমাদের যৌথ কোন সুখও নেই যা মনে করে
খিলখিল করে হাসতে হাসতে ভেঙে পড়ব
আমরা এমন করে করে পেরিয়ে যাচ্ছি এই দাহকাল।
কে জে লিপি
মিরা বাজার, সিলেট
৮.১১.২০২১.
তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো
তোমার সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল,
নইলে জানতামই না,
একটা মানুষ আরেকটা মানুষের জন্য
কী ভয়ানক রকম বেঁচে থাকতে পারে!
কী অসম্ভব তৃষ্ণা নিয়ে
সারারাত জেগে থাকে বুকের ভিতর,
কীভাবে একটা নাম
সমস্ত পৃথিবীর চেয়েও বড় হয়ে ওঠে।
তোমার সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল,
নইলে জানতাম না,
মানুষের শরীরের ভিতরেও সমুদ্র থাকে,
সেখানে জোয়ার আসে,
সেখানে ডুবে যায় ঘরবাড়ি, সংসার, বিবেক,
সেখানে একজন মানুষকে ছুঁতে না পারার দুঃখে
হাজার বছরের সভ্যতা ভেঙে পড়ে!
আবার ভাবি,
তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো
আমি বোধহয় ভালো থাকতাম।
সকালে বারান্দয় বসে চা খেতাম,
খবরের কাগজ পড়তাম,
বিকেলে একটু হাঁটতে বেরোতাম,
রাত্রে ঘুমিয়ে পড়তাম নিশ্চিন্তে।
সত্যিই, মনে হচ্ছে,
তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো।
আমার বুকের ভিতর
এতগুলো বুনো ঘোড়া ছুটত না,
কারো জন্য এতো ছটফট করতে হতো না,
কারো জন্য বুকের ভেতর এতো আগুন জ্বরতো না।
তোমার সঙ্গে দেখা হওয়াটা
আসলে একটা সর্বনাশ!
এখন সারাক্ষণ তোমাকে চাই,
আবার তোমাকে না চাওয়ার জন্য
নিজের সঙ্গে যুদ্ধ করি।
তোমাকে ভুলতে চাই প্রাণপনে
অথচ আরও বেশি মনে পড়ে,
তোমার কাছ থেকে পালাতে গিয়ে দেখি
সমস্ত রাস্তা তোমার দিকেই চলে গেছে।
তোমাকে ছেড়ে ভালো থাকার জন্য
আমি প্রতিদিন কতবার নিজেকে হত্যা করি!
কতবার নিজের বুক থেকে
তোমার নামটা উপড়ে ফেলতে যাই,
আর দেখি,
শিকড়গুলো আমার হৃদপিণ্ডে ঢুকে আছে।
প্লিজ,
আমাকে আমার পুরোনো জীবন ফিরিয়ে দাও,
সেই নির্বিকার দুপুর,
সেই নির্ঘুমহীন রাত,
সেই সামান্য সুখ,
যেখানে কাউকে না পেয়েও
মানুষ দিব্যি ভালো থাকে।
তবে গোপনে তোমাকে বলে রাখি
তোমার সঙ্গে দেখা হওয়াটা
আমার জীবনের সবচেয়ে সুন্দর দুর্ঘটনা ছিল।
আর তোমার সঙ্গে দেখা না হওয়াটাই
হতে পারত আমার জীবনের সবচেয়ে বড় শান্তি।
-অরণ্য জুয়েল
বহু দিন
বহু দিন হলুদ পাখিটি আসনি এই দরোজায়
কেমন জানি অবরুদ্ধ হয়ে আছে ভোরের আলো।
আকাশে ডানা ঝাপটায় কালোমেঘের দল।
বহু দিন উথালপাতাল ঢেউ তোলেনি সাগর।
নদীর বুকে জমে আছে বিশাল ধূ ধূ চর
বহু দিন কেউ ডাকেনি প্রিয় নামে,
বহু দিন কেউ বলেনি—এবার একটু থাম।
বহু দিন জানালাটা রয়েছে বন্ধ,
বহু দিন হাসনাহেনা ছড়ায়নি ঘ্রাণ।
বহু দিন আকাশের দিকে তাকিয়ে
মেঘের ভেলায় ভাসেনি কোনো অভিমান।
বহু দিন কেউ এসে বসেনি পাশে,
কেউ পড়েনি চোখের ভাষা,
বহু দিন নিজের সঙ্গে কথা বলতে বলতে
হারিয়ে ফেলেছি নিজেরই ঠিকানা।
অথচ এমন তো ছিল না একদিন,
চারপাশে কত শব্দ, কত আয়োজন!
কেউ ছিল, কিছু অপেক্ষা ছিল,
ছিল অকারণ মন খারাপেরও
একটি সুন্দর নাম।





