ভাত আর ভালোবাসার নাম জীবন,
মেটে শরীরের আঁধারে বন্ধকী অনল;
শ্রীহারানো শ্রমিক আর চাষার সংজ্ঞা,
নোনা-ভেজা শরীরের থিতু রক্তগঙ্গা।
ফুরায় ছুটির দিন, নীল সব দুপুর,
শরৎ-বালাখানা এক আকাশ উপুর;
হেমন্তের তালাশে দিন ব্যস্ত হলো ভারী,
হলুদ মহাফেজখানায় কাউন বাহারী।
তেপান্তর জুড়ে বিরান ধূসর পলি,
সকাল খেলা করে নিয়ে রূপো আধুলি;
মেঘের সোপান ধরে কার আসা-যাওয়া,
এখন জীবন জুড়ে থাকে হিমের মায়া।
রাত্রি ছুঁয়ে যায় বাঁকা পিঠের রেখা,
রোদের পটে পোড়ে একা যায় দেখা;
শ্রমের কড়চায় জমা যত হাহাকার,
ফসল ফলিয়েও খাঁ খাঁ শূন্য ভাঁড়ার।
কুয়াশা চাদরে ঢাকা শীতের নিশানা,
পাকা ধানে জমে থাকে ক্ষণিক বন্দনা ;
বসন্ত আসে ঠিক পঞ্জিকা মেপে,
পাতা ঝড়া শোক ভুলি হরিৎ পল্লবে ।
তবুও তো বীজ বোনে রোদের আড়ালে,
দু’মুঠো ভাতের খোঁজে হাত দুটি বাড়ালে—
পৃথিবী থমকে দাঁড়ায় ঘামের নিশ্বাসে,
জীবন বেঁচে থাকে ভাঙা এক বিশ্বাসে।


