তোমার সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল,
নইলে জানতামই না,
একটা মানুষ আরেকটা মানুষের জন্য
কী ভয়ানক রকম বেঁচে থাকতে পারে!
কী অসম্ভব তৃষ্ণা নিয়ে
সারারাত জেগে থাকে বুকের ভিতর,
কীভাবে একটা নাম
সমস্ত পৃথিবীর চেয়েও বড় হয়ে ওঠে।

তোমার সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল,
নইলে জানতাম না,
মানুষের শরীরের ভিতরেও সমুদ্র থাকে,
সেখানে জোয়ার আসে,
সেখানে ডুবে যায় ঘরবাড়ি, সংসার, বিবেক,
সেখানে একজন মানুষকে ছুঁতে না পারার দুঃখে
হাজার বছরের সভ্যতা ভেঙে পড়ে!

আবার ভাবি,
তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো
আমি বোধহয় ভালো থাকতাম।
সকালে বারান্দয় বসে চা খেতাম,
খবরের কাগজ পড়তাম,
বিকেলে একটু হাঁটতে বেরোতাম,
রাত্রে ঘুমিয়ে পড়তাম নিশ্চিন্তে।

সত্যিই, মনে হচ্ছে,
তোমার সঙ্গে দেখা না হলেই ভালো হতো।
আমার বুকের ভিতর
এতগুলো বুনো ঘোড়া ছুটত না,
কারো জন্য এতো ছটফট করতে হতো না,
কারো জন্য বুকের ভেতর এতো আগুন জ্বরতো না।

তোমার সঙ্গে দেখা হওয়াটা
আসলে একটা সর্বনাশ!

এখন সারাক্ষণ তোমাকে চাই,
আবার তোমাকে না চাওয়ার জন্য
নিজের সঙ্গে যুদ্ধ করি।
তোমাকে ভুলতে চাই প্রাণপনে
অথচ আরও বেশি মনে পড়ে,
তোমার কাছ থেকে পালাতে গিয়ে দেখি
সমস্ত রাস্তা তোমার দিকেই চলে গেছে।

তোমাকে ছেড়ে ভালো থাকার জন্য
আমি প্রতিদিন কতবার নিজেকে হত্যা করি!
কতবার নিজের বুক থেকে
তোমার নামটা উপড়ে ফেলতে যাই,
আর দেখি,
শিকড়গুলো আমার হৃদপিণ্ডে ঢুকে আছে।

প্লিজ,
আমাকে আমার পুরোনো জীবন ফিরিয়ে দাও,
সেই নির্বিকার দুপুর,
সেই নির্ঘুমহীন রাত,
সেই সামান্য সুখ,
যেখানে কাউকে না পেয়েও
মানুষ দিব্যি ভালো থাকে।

তবে গোপনে তোমাকে বলে রাখি
তোমার সঙ্গে দেখা হওয়াটা
আমার জীবনের সবচেয়ে সুন্দর দুর্ঘটনা ছিল।
আর তোমার সঙ্গে দেখা না হওয়াটাই
হতে পারত আমার জীবনের সবচেয়ে বড় শান্তি।

-অরণ্য জুয়েল