নীলা ও মারুফের গল্প

নীলা প্রতিবারই বিশ্বাস করে, প্রতিবারই ক্ষমা করে দেয়। ভাবে, মানুষটা হয়তো এবার বুঝবে, এবার মনে রাখবে—কোন কথায় তার বুকের ভেতরটা ভেঙে যায়, কোন আচরণে তার সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে। কিন্তু মারুফ যেন বারবার ভুলে যায়, নীলা ঠিক কোথায় কষ্ট পায়।

নীলা খুব সাধারণ একটি মেয়ে। আজ থেকে প্রায় তিরিশ বছর আগে তার বিয়ে হয়েছিল মারুফের সঙ্গে। তখন নীলার বয়স আঠারোও হয়নি। জীবনের কতটুকুই বা সে দেখেছিল তখন! চোখভরা স্বপ্ন, বুকভরা সরলতা আর ভালোবাসা পাওয়ার এক অনাবিল আকাঙ্ক্ষা নিয়ে সে পা রেখেছিল নতুন সংসারে।

নীলা পড়াশোনায় ভালোই ছিল। কথা ছিল, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাবে। মারুফ যেহেতু কলেজের শিক্ষক, তাই পড়াশোনার পথটা আরও সহজ হবে—এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু নীলা ছিল একটু অলস, একটু খামখেয়ালি। সংসারের নতুনত্ব, নিজের স্বভাব আর সময়ের স্রোতে কখন যে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলল, সে নিজেও বুঝতে পারেনি।

এরপর একদিন নীলার জীবনে এলো এক মধুর সংবাদ—সে মা হতে চলেছে।

আনন্দে তার পৃথিবীটা বদলে গেল। মনে হলো, পৃথিবীর সমস্ত সুখ বুঝি তার ঘরেই এসে আশ্রয় নিয়েছে। নিজের চাওয়া-পাওয়া, অসমাপ্ত পড়াশোনা, ব্যক্তিগত স্বপ্ন—সবকিছু সরিয়ে রেখে সে অপেক্ষা করতে লাগল একটি নতুন জীবনের জন্য। অনাগত সন্তানের ছোট্ট হাত, ছোট্ট মুখ, প্রথম কান্না—এসব কল্পনাতেই তার দিন কেটে যেত।

যদিও গর্ভাবস্থার দিনগুলো খুব সহজ ছিল না। শরীরের নানা জটিলতা, অসহ্য অস্বস্তি আর শারীরিক কষ্ট তাকে ভেতরে ভেতরে দুর্বল করে দিত। তবু নীলা সেসব কষ্টকে তেমন গুরুত্ব দিত না। তার সমস্ত মনোযোগ তখন অনাগত সন্তানকে ঘিরে।

আর মারুফ?

সেই সময় মারুফ সত্যিই যত্নশীল ছিল। কাজের সময়টুকু বাদ দিলে প্রায় সমস্ত সময় নীলাকে দিত। তার অসুবিধার খোঁজ নিত, পাশে থাকত, যত্ন করত। জীবনের সেই সময়টুকু নীলা আজও কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখে। এত বছর পরও সে অস্বীকার করতে পারে না, মারুফের ভালোবাসার মধ্যে একসময় গভীর মমতা ছিল।

কিন্তু মানুষের জীবনে কিছু কষ্ট থাকে, যেগুলো অতীতের ভালো স্মৃতি দিয়ে মুছে ফেলা যায় না।

মারুফ আজও নীলাকে ভালোবাসে—নীলা হয়তো তা বিশ্বাস করে। সংসারের প্রতি তার দায়িত্ব আছে, নীলার প্রতি মায়া আছে, একসঙ্গে কাটানো দীর্ঘ তিরিশ বছরের স্মৃতিও আছে। অথচ কখনো কখনো তার কিছু কথা, কিছু আচরণ নীলাকে এমন জায়গায় আঘাত করে, যেখানে আঘাত লাগলে মানুষ শুধু কষ্ট পায় না, নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন করতে শুরু করে।

নীলা তখন ভাবে, মানুষটা তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সম্মান করে তো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নীলা বারবার নিজের কাছেই ফিরে আসে। সে কি খুব বেশি প্রত্যাশা করে? একটু সংবেদনশীল আচরণ, একটু বোঝাপড়া, তার কষ্টের জায়গাগুলো মনে রাখা—এগুলো কি সত্যিই অতিরিক্ত চাওয়া?

নীলা তো প্রতিবারই ক্ষমা করে দেয়। রাগ কমে গেলে নিজেই স্বাভাবিক হয়ে যায়। সম্পর্কটাকে আগলে রাখতে চায়। ভাবে, এত বছরের সংসার, এত স্মৃতি, এত মায়া—সবকিছুর চেয়ে বড় হয়ে উঠুক কেন সামান্য কিছু কষ্ট?

কিন্তু সে ভুলে যায়, যে মানুষ বারবার ক্ষমা করে, তারও একদিন ক্লান্তি আসে। যে মানুষ প্রতিবার সম্পর্কটাকে বাঁচাতে নিজের কষ্ট গোপন করে, তার ভেতরেও একটু একটু করে অভিমান জমে।

আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, নীলা মারুফকে ছেড়ে দেওয়ার কথা ভাবে না; সে শুধু চায়, মারুফ তাকে একটু বুঝুক।

সে চায় না, প্রতিটি ভুলের জন্য মারুফ অপরাধবোধে ভুগুক। সে শুধু চায়, যে কথায় একবার তার চোখ ভিজেছিল, সেই একই কথা যেন বারবার শুনতে না হয়। যে আচরণে একদিন সে ভেঙে পড়েছিল, সেই আচরণ যেন পরের দিন আবার তার সামনে ফিরে না আসে।

কারণ ক্ষমা করে দেওয়া মানে এই নয় যে কষ্টটা মিথ্যে ছিল। আর ভালোবাসা মানে এই নয় যে প্রিয় মানুষটির অনুভূতিকে বারবার উপেক্ষা করা যায়।

তিরিশ বছরের সংসারে নীলা অনেক কিছু শিখেছে। শিখেছে, ভালোবাসা মানুষকে কাছে টানে, মায়া মানুষকে আটকে রাখে; কিন্তু সম্মান মানুষকে একটি সম্পর্কের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে শেখায়।

ভালোবাসা ছাড়া সম্পর্ক বাঁচে না, আর সম্মান ছাড়া সেই সম্পর্কে নিজের অস্তিত্ব নিয়ে বাঁচা কঠিন হয়ে পড়ে।

নীলা আজও মারুফকে ভালোবাসে। হয়তো আগের মতোই ক্ষমা করে দেবে। কিন্তু তার মনের গভীরে একটি প্রশ্ন রয়ে যায়—

যে মানুষটি আমার ভালোবাসা হারানোর ভয় পায়, সে কি কখনো আমার আত্মসম্মান এর কথা ভাববেনা!