বহু দিন হলুদ পাখিটি আসনি এই দরোজায়
কেমন জানি অবরুদ্ধ হয়ে আছে ভোরের আলো।
আকাশে ডানা ঝাপটায় কালোমেঘের দল।
বহু দিন উথালপাতাল ঢেউ তোলেনি সাগর।
নদীর বুকে জমে আছে বিশাল ধূ ধূ চর
বহু দিন কেউ ডাকেনি প্রিয় নামে,
বহু দিন কেউ বলেনি—এবার একটু থাম।
বহু দিন জানালাটা রয়েছে বন্ধ,
বহু দিন হাসনাহেনা ছড়ায়নি ঘ্রাণ।
বহু দিন আকাশের দিকে তাকিয়ে
মেঘের ভেলায় ভাসেনি কোনো অভিমান।
বহু দিন কেউ এসে বসেনি পাশে,
কেউ পড়েনি চোখের ভাষা,
বহু দিন নিজের সঙ্গে কথা বলতে বলতে
হারিয়ে ফেলেছি নিজেরই ঠিকানা।
অথচ এমন তো ছিল না একদিন,
চারপাশে কত শব্দ, কত আয়োজন!
কেউ ছিল, কিছু অপেক্ষা ছিল,
ছিল অকারণ মন খারাপেরও
একটি সুন্দর নাম।


